মৌসুম শুরুর পর এপর্যন্ত তিন ম্যাচ খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ। শুধু একটিতে জয় পেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা, অন্য দুটি ড্র। দলের এমন পারফরম্যান্সে কিছুটা শঙ্কিত কোচ কার্লো আনচেলত্তি। দ্রুত উন্নতি চান।
পালমাসের মাঠে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১এ ড্র হয়েছে। শুরুতে আলবের্তো মোলেইরোর গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা টানেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
চলতি মৌসুমে শুরুতে রিয়ালে এসেছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। সুপার কাপের ফাইনালে গোলের দেখা পেলেও লিগে তিন ম্যাচে এখনও জালের দেখা পাননি ২৫ বর্ষী ফরোয়ার্ড।
ম্যাচ শেষে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচে দলটি ভারসাম্যপূর্ণ ছিল না, প্রথমার্ধ ভালো ছিল না। গোল বের করা কঠিন ছিল। আমাদের টিকে থাকতে হয়েছে, ভুগতেও হয়েছে খানিকটা। মায়োর্কার বিপক্ষে ড্রয়ে যা যা ঘটেছে, সেখান থেকে দলে উন্নতি দেখিনি। এখন মনে হচ্ছে দ্রুত আমাদের উন্নতির পথ খুঁজে বের করতে হবে। সেটা আমরা পারব।’
টিম কম্বিনেশনে ঝামেলা হওয়ার ইঙ্গিত মিলেছে আনচেলত্তির কথায়। বলেছেন, ‘মাঠে আমাদের খেলার কৌশলে আরও পরিষ্কার হতে হবে, খেলোয়াড়দের স্পষ্ট ধারণা থাকতে হবে। এটা আমাদের জন্য চিন্তার বিষয়। এই তিন ম্যাচ আমাকে অনেককিছু দেখিয়েছে, যা ভালো যাচ্ছে না।’









