চলতি মৌসুমে হঠাৎ ছন্দপতনের পর হারের বৃত্ত থেকে পুরোপুরি বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার শিরোপা দৌড়ে পথ হারিয়েছে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ওঠার প্লে-অফে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে হেরে গেছে এক মৌসুম আগের চ্যাম্পিয়ন সিটি। শেষ ষোলোতে উঠতে ফিরতি লেগে লস ব্লাঙ্কোসদের মাঠে সিটিকে জিততে হবে অন্তত দুই গোল ব্যবধানে। ফিরতি লেগে রিয়ালকে হারিয়ে টুর্নামেন্টের আশা বাঁচিয়ে রাখার সম্ভাবনা ১ শতাংশ দেখছেন গার্দিওলা নিজেই।
সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রিয়ালের মুখোমুখি হবে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। আগের ম্যাচে ৩-২ ব্যবধানে হেরেছিল সিটি।
রিয়ালের সঙ্গে ফিরতি লেগের লড়াইয়ের আগে গার্দিওলা বলেছেন, ‘বার্নাব্যুতে (৩-২ ব্যবধানে পিছিয়ে) খেলাটা কেমন হবে সেটা সবাই জানে। খেলার আগে যদি আমাকে জিজ্ঞাসা করেন, জয়ের জন্য কত শতাংশ সম্ভাবনা আছে, বলব ১ শতাংশ অথবা জানি না যে কী বলব। তবে এটাই সবচেয়ে কম ব্যবধান, এখানে আমাদের যতটুকু সুযোগ থাকবে পুরোটাই কাজে লাগাতে চেষ্টা করব এবং আমরা দেখব কী হয়।’
মৌসুমের মাঝপথে এসে হঠাৎ ছন্দপতন হয়েছিল সিটির। বড়দিনের আগে ১২ ম্যাচের মধ্যে ৯টিতে পরাজয়ের ধারাবাহিকতার পর সবশেষ ১২ ম্যাচে ৩টিতে হারের মুখ দেখেছে তারা।









