বিপিএলে শেষ হল সিলেট পর্ব। চট্টগ্রাম পর্ব বাতিল করেছিল বিসিবি, তাতে সিলেটের দর্শকদের বাড়তি উপভোগের সুযোগ মিলেছিল। চায়ের শহরে শেষ ম্যাচে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিং এবং রিপন মণ্ডলের হ্যাটট্রিকে দুর্দান্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ২৩ বল হাতে রেখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১৩১ রানের সংগ্রহ গড়ে। জবাবে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ করে রাজশাহী।
প্রথম ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন রাজশাহীর রিপন। চতুর্থ বলে সাব্বিরকে ফেরান। পরের দুই বলে ফেরান জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে। বিপিএলে চলতি আসরে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগে মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাটট্রিক পেয়েছেন।
ঢাকা ক্যাপিটালসের সর্বোচ্চ ৪১ রান করেন উসমান খান। ২৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। ২৭ বলে ২৪ রান করেন নাসির হোসেন। সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ এবং ইমাদ ওয়াসিম ১১ রান করেন।
রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ৩০ রানে ৩ উইকেট এবং আব্দুল গাফফার সাকলাইন ২৪ রানে ৪ উইকেট নেন। মোহাম্মদ রুবেল নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন তানজিদ তামিম, ভালো সঙ্গ দেন আরেক ওপেনার মুহাম্মদ ওয়াসিম। ১৩ বলে ২২ রান করে ওয়াসিম ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসেনি তেমন রান, ৫ করে ফেরেন।
তানজিদ ৭ চারের সাথে ৫ ছক্কায় ৪৩ বলে করেন ৭৬ রান। তার আউটের পর অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং জেমস নিশাম হাল ধরেন। অপরাজিত মুশফিকের ব্যাটে আসে ১২ রান এবং নিশাম করেন অপরাজিত ১৪ রান।
ঢাকার হয়ে একটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, নাসির হোসেন এবং সাইফ হাসান।
সিলেট পর্ব শেষে টেবিলে শীর্ষে রয়েছে রাজশাহী, ৮ ম্যাচে ৬ জয় এবং ২ হারে পয়েন্ট ১২। দুইয়ে চট্টগ্রাম, ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট। পাঁচে ঢাকা, ৮ খেলায় জয় কেবল ২টি, হার ৬টি, পয়েন্ট ৪।









