প্রায় ৭ ঘণ্টার ম্যারাথান বোর্ড সভায় একাধিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যার মধ্যে অন্যতম স্পিন বোলিং কোচ হিসেবে মোহম্মদ রফিককে নিয়োগ দেয়া এবং ওয়ানডে ও টি-টুয়েন্টিতে দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের মেয়াদ বাড়ানো। এছাড়াও একাধিক বিষয় চূড়ান্ত হয়েছে সভায়।
সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন চার পরিচালক- বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু, নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মোখসেদুল কামাল বাবু বিষয়গুলো তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে।
জানান, ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়েছে। আর টি-টুয়েন্টিতে অধিনায়ক লিটন কুমার দাস ও সহ-অধিনায়ক হিসেবে সাইফ হাসান থাকবেন ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত। এর পাশাপাশি মোহাম্মদ রফিককে এক বছরের জন্য স্পিন বোলার হিসেবে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।
এর বাইরে আরও অনেক সিদ্ধান্তের খবর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘প্রথমত আমাদের বিসিবির এইচআর পলিসি আজকে গ্রহণ করা হয়েছে। এরপর আমাদের জাতীয় দলের নির্বাচক কমিটি নির্ধারণ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের ক্রিকেটার, আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। এটি নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বলেন, ‘সিসিডিএম এর পক্ষ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হবে এবং সেই লক্ষ্যে আগামী ৮ তারিখে সমস্ত ক্লাবগুলোকে আহবান জানানো হয়েছে মিটিংয়ের জন্য। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে।’
মোখসেদুল কামাল বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটারদের অ্যানালিটিকাল বিশ্লেষণের জন্য বিসিবির পক্ষ থেকে নিজস্ব একটি অ্যাপ তৈরি করা হয়েছে এবং আজকে সেটি উদ্বোধন করা হয়েছে।’
‘সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সম্মানিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী (আমিনুল হক) যে সকল দিকনির্দেশনা দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে ও সেগুলোকে দ্রুত কার্যকর করা হবে।’
নারী বিপিএল নিয়ে তিনি বলেন, ‘নারী বিপিএল ও উইমেন্স কাপ- এই দুইটি খেলা হবে। সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
অ্যাওয়ার্ড নাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মোখসেদুল কামাল বলেন, ‘সাংবাদিক, ক্রিকেটার ও অন্যান্যদের জন্য একটি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অ্যাওয়ার্ড নাইট আবার নতুন করে শুরু করছি। সাংবাদিকদের জন্য আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম চালু করছি। যারা স্পোর্টস জার্নালিজম এর ওপরে বাইরে পড়ালেখা করতে যেতে চান, আমরা তাদের জন্য একটি স্কলারশিপ চালু করব। এছাড়া আমরা বিসিবির একটি স্পোর্টস জার্নাল বের করতে চাই। অন্তত প্রতি তিন মাস অন্তর অন্তর একটি স্পোর্টস জার্নাল আমরা বের করব।’
আগের বোর্ডের দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এছাড়াও এর আগে সংসদে আমরা দেখেছি যে সেখানে দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতিবিরোধীসহ সমস্ত কাজের ক্ষেত্রেই সহযোগিতার ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে অব্যাহত রাখব।’

