পিএসজিকে সেমিতে তুলে এনরিকে, ‘শিরোপা ধরে রাখা কঠিন’

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন। দ্বিতীয়ার্ধে অ্যানফিল্ডে আবারও লিভারপুলকে ওই ২-০ গোলে হারিয়েছে। দুই লেগ মিলে ৪-০ গোলের জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, শিরোপা ধরে রাখা বেশ কঠিন।
এনরিকের হাত ধরে প্রথমবার শিরোপা জিতেছিল পিএসজি। সেমিফাইনালে ওঠার পর এনরিকে বলেন, ‘আমরা জানি, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা কঠিন। আমরা এখানে সেজন্যই এসেছি এবং সুযোগের সদ্ব্যবহার করতে চাই।’
ব্যালন ডি’অর বিজয়ী উসমান দেম্বেলে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে লিভারপুলের লড়াইয়ের আশা শেষ করে দেন। নকআউট পর্বে তাদের অপরাজিত থাকার রেকর্ড গড়ে টানা নয়টি ম্যাচ জিতেছে পিএসজি। পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছায়।
এনরিকে দলের পারফরম্যান্স নিয়ে আরও বলেন, ‘এটা জেনে আমার জন্য সত্যিই আনন্দের যে আমার দল এই পর্যায়ে আছে এবং প্রতিপক্ষ যেই হোক না কেন, তারা এই পর্যায়ে খেলতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কেমন দল, আমার দলে কী ধরনের খেলোয়াড় আছে। আমাদের আত্মবিশ্বাস ও বিশ্বাস আছে। এই দলের সাথে অভিজ্ঞতা অর্জন করাটা অসাধারণ।’
ম্যাচ জয়ের পর দেম্বেলে বলেন, ‘আমরা ম্যাচটি জিততে পেরে খুবই খুশি। কারণ এটি সত্যিই কঠিন ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আমরা জেতার একটা উপায় খুঁজে পেয়েছি; আমরা সেমিফাইনালে উঠেছি এবং আমরা আনন্দিত।’







