আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
ছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জেনারেল ওয়াকার, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে, করতে হবে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
এসময়, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাবি শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, যে ফ্যাসিস্ট দল বাংলাদেশে একাধিক গণহত্যা চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য নতুন কোনো কারণ দরকার নাই। আমরা মনে করি ৫ আগস্ট ছাত্র-জনতা শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আমরা ইন্টেরিমকে বলে দিতে চাই, আওয়ামী লীগকে ফেরানোর কোনো পরিকল্পনা যদি আপনারা করেন তাহলে ছাত্রজনতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা ২৪ দেখেছেন। ইন্টেরিমের প্রতি আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে। বাংলার ছাত্রজনতা ঠিক করবে এই বাংলাদেশে কারা রাজনীতি করতে পারবে। এটা কোনো রাজনৈতিক দল বা কোনো এজেন্সি ঠিক করবে না। যে বা যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে আমাদের পরবর্তী যুদ্ধ হবে সেই দল বা ব্যক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল ষড়যন্ত্র বাংলার ছাত্রজনতা রুখে দিবে।









