সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সায়েমার মৃত্যুর বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে রাবি শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে ভিসির বাসভবনের সামনে প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা স্লোগান দেন “পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কি করে”, “নাপা সেন্টার সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “বিচার চাই, সায়েমার বিচার চাই”, “চিকিৎসা নামের প্রহসন চলবে না”, “তুমি কে আমি কে, সায়েমা সায়েমা”, “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”-ইত্যাদি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। সায়েমা হত্যার দ্রুত বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, দায়িত্বহীন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এই চার দফা দাবি পুনর্ব্যক্ত করেন তারা।
এর আগে সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।








