শিল্প সাহিত্য

বই নেই, আগে এলো প্রচ্ছদ!

ফরিদুর রেজা সাগরের বই ঘিরে ব্যতিক্রমী আয়োজন

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত, আলোচনা ও স্বাগত বক্তব্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত, মূল আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রখ্যাত সাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর নতুন বই ‘প্রিয়জন আপনজন’ প্রকাশের আগেই আলোচনায়। বইয়ের মোড়ক উন্মোচনের বদলে এবার প্রকাশ করা হয়েছে শুধু প্রচ্ছদ! আর সেই ব্যতিক্রমী আয়োজন ঘিরেই জমে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মুহূর্ত।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বইটির প্রচ্ছদ উন্মোচন করে অন্যপ্রকাশ। প্রকাশনা সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের প্রকাশনা ইতিহাসে এটাই প্রথম কোনো বইয়ের ‘প্রচ্ছদ উন্মোচন’ অনুষ্ঠান।

‘প্রিয়জন আপনজন’ বইয়ে ফরিদুর রেজা সাগর তুলে এনেছেন তার দীর্ঘ সাংস্কৃতিক জীবনের একশ’ প্রিয় মানুষের স্মৃতি, আড্ডা, সম্পর্ক ও জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা। টেলিভিশন, চলচ্চিত্র, সাহিত্য ও সাংবাদিকতার নানা অঙ্গনের মানুষদের নিয়ে লেখা এই বই প্রকাশ করছে অন্যপ্রকাশ।

বইটির প্রচ্ছদ এঁকেছেন নির্মাতা, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, “প্রচ্ছদকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা খুব ভালো লাগার বিষয়। সুন্দর উপস্থাপনাও এক ধরনের শিল্প। সাগরের উৎসাহেই আমার কবিতার বই প্রকাশ হয়েছিল।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, “বই ছাড়াই শুধু প্রচ্ছদ উন্মোচন- এটা সত্যিই অভিনব। প্রচ্ছদ পাঠককে ডাকে, টেনে নেয়। এটি এক ধরনের মিলনমেলাও।”

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, “বাংলাদেশের প্রকাশনা ইতিহাসে এ ধরনের আয়োজন এই প্রথম। সাগর লেখালেখি, টেলিভিশন ও চলচ্চিত্র- সব জায়গাতেই বড় মাপের শিল্পী। আর আফজাল হোসেন এদেশের বিজ্ঞাপন ও টেলিভিশনের এক অনন্য নাম।”

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, বইয়ের নান্দনিকতা ও প্রকাশনার নতুন ধারাকে এগিয়ে নিতেই তারা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “ফরিদুর রেজা সাগরের জীবনে একশ’ মানুষের চেয়েও অনেক বেশি গল্প আছে। সীমাবদ্ধতার কারণে এবার একশ’ জনকে নিয়ে বই করা হয়েছে, ভবিষ্যতে আরও প্রকাশ করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, সাংবাদিক হাসান হাফিজ, মতিউর রহমান চৌধুরী, নারী উদ্যোক্তা কনা রেজা, ফারজানা ব্রাউনিয়াসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতে ফেরদৌস আরা পরিবেশন করেন দুটি নজরুলসংগীত ও একটি আধুনিক গান। পুরো আয়োজনজুড়েই ছিল স্মৃতিচারণ, বন্ধুত্ব, শিল্প ও ভালোবাসার আবহ।

বিষয়:আফজাল হোসেনআবদুল্লাহ আবু সায়ীদফরিদুর রেজা সাগরবই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…