ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুরে অবস্থিত শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজ-এ এক সহকারী অধ্যাপক শ্রেণিকক্ষে এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষার্থীরা ওই অধ্যাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। কলেজটি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর-এর মালিকানাধীন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শিক্ষার্থীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ‘আব্দুল’ নামে পরিচিত ওই অধ্যাপক বলেন, ব্যাচের শিক্ষার্থীদের ভালোবাসায় তিনি মুগ্ধ এবং তাদের ব্যাচের ‘একজন গুরুত্বপূর্ণ মেয়েকে’ তিনি প্রস্তাব দিতে চান। এ সময় তিনি পুরো ব্যাচকে চকলেট দেওয়ার কথাও বলেন এবং শেষে ওই ছাত্রীকে ‘আই লাভ ইউ’ জানান।
এরপর মঞ্চ থেকে নামলে ছাত্রীটি তার মুখোমুখি হয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। এ সময় অধ্যাপক দাবি করেন, ওই ছাত্রীই আগে তাকে ভালোবাসার কথা জানিয়েছিল এবং তার কাছে এর প্রমাণ রয়েছে।
এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। ছাত্রীটি প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করলে অধ্যাপক বলেন, সিসিটিভি ফুটেজ রয়েছে। তবে প্রমাণ দেখানোর অনুরোধ করলে তিনি বিষয়টি পরদিন দেখানোর কথা বলে কথোপকথন শেষ করেন। ঘটনার পর ছাত্রীটি আর কথা বলতে অস্বীকৃতি জানান। পরে অধ্যাপক শিক্ষার্থীদের চকলেট খেতে বলে শ্রেণিকক্ষ ত্যাগ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে অধ্যাপকের মুখোমুখি হন। একপর্যায়ে তর্কাতর্কি হাতাহাতিতে রূপ নেয়। ক্যাম্পাসে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী জুতা দিয়ে অধ্যাপককে আঘাত করছেন এবং অন্যরাও তাকে মারধর করছে। এমনকি তাকে ধাওয়া করে গাড়ির কাছেও আবার আক্রমণ করা হয়।
আহত অবস্থায় অধ্যাপক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।








