বাংলাদেশ

রমজানে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজানে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ নির্দেশনা দেন।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রমজানে রোজাদারদের স্বাভাবিক ইবাদত ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি অপচয় রোধ ও কৃচ্ছতা সাধনের ওপর গুরুত্বারোপ করে বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির সাশ্রয়ী ব্যবহার প্রতিটি নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। অফিস-আদালতসহ সব জায়গায় প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার পরিহার করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোগান্তি কমাতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। সেবা খাতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

ভাষণে তিনি জানান, তাবেদারমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

এ সময় প্রধানমন্ত্রী একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী দেশবাসীর সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা ও জনস্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বিষয়:গ্যাস সংকটজাতীয় সংবাদতারাবিতারেক রহমানপানি সংকটপ্রধানমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…