বাংলাদেশ

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছেন, চলতি অর্থবছরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

আজ (৮ এপ্রিল) বুধবার সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা শিক্ষাখাতের উন্নয়ন ও নতুন প্রজন্মকে প্রতিযোগিতামূলক ও গুণগতমানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করার পরিকল্পনা সম্পর্কে একটি প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে সকল উপজেলায় সম্প্রসারিত করা হবে। এছাড়া, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের জন্য স্কুল ফিডিং বা মিড-ডে মিল কার্যক্রম চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী, দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১ হাজার ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৮০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং ও এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকার আশা করছে, শিক্ষার্থীরা ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম ও প্রযুক্তিনির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বিষয়:প্রধানমন্ত্রীপ্রাথমিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…