ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার বালিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে চারটি কৃষক পরিবারের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিংগিয়া গ্রামে এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে। এতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিংগিয়া গ্রামের বাসিন্দা ইসরাফিলের বসতবাড়ির পাশের খড়ের ঘরে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আলিমুদ্দীন হাজী, শহিদুল ও আফিজুলের খড়ের গাদায়। আগুনের তীব্রতায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গচ্ছিত খড় ও কৃষিজাত পণ্য। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, আলিমুদ্দীন হাজী প্রায় ৮০ হাজার টাকা, ইসরাফিল ৩০ হাজার টাকা, শহিদুল ও আফিজুল সম্মিলিতভাবে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হন।
ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং ‘দুর্বৃত্তদের কাজ’ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “এটি বসতবাড়ির স্বাভাবিক আগুন নয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।”








