এবারের আসরে ভুলের পসরা সাজিয়ে বসেছে প্যারিস অলিম্পিক। বেশ কয়েকটি সমালোচিত ঘটনার পর দুঃখও প্রকাশ করতে হয়েছে। এরমাঝেই ভুল জাতীয় সংগীত বাজিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে গেমস আয়োজক কমিটি।
বাস্কেটবল ইভেন্টে প্রথমবার অংশ নিয়েছে সাউথ সুদান। ইভেন্টের উদ্বোধনী ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে সুদানের ম্যাচে ভুল জাতীয় সঙ্গীত বাজিয়ে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেয়া হয়। যা শুনে দলটির খেলোয়াড়-সমর্থকরা অস্বস্তিতে পড়ে যান। এ সময় কোর্টে থাকা সমর্থকরা দুয়োধ্বনি দিতে থাকে।
ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। বিবৃতিতে বলেছে, ‘সাউথ সুদানের খেলোয়াড় ও সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভুল জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত আমরা সমস্যা কাটিয়ে উঠি এবং ম্যাচ শুরুর আগে সঠিক সঙ্গীত বাজাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাথলেট ও দেশের পরিচিতি পর্বে সাউথ কোরিয়াকে নর্থ কোরিয়া বলে ভুল করেছিল আয়োজকরা। পরে অবশ্য অলিম্পিকের সভাপতি থমাস বাখ আনুষ্ঠানিকভাবে সাউথ কোরিয়ার কাছে দুঃখ প্রকাশ করেন।
একই অনুষ্ঠানে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ মূকনাট্যের মাধ্যমে প্রদর্শিত করা হয়। এতে ক্ষুব্ধ হয়েছিলেন ক্যাথলিক ও অন্যান্য খ্রিস্টান গোষ্ঠী। ঘটনায় প্যারিস আসরের আয়োজকরা দুঃখ প্রকাশ করেছেন।
যে অংশে বাইবেলে বর্ণিত যিশু ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার অনুসারীদের একসাথে শেষ খাবার গ্রহণের ছবি তুলে ধরা হয়। এতে ড্র্যাগ কুইন হিসেবে একজন ট্রান্সজেন্ডার এবং ওয়াইনের গ্রীক দেবতা হিসেবে একজন নগ্ন গায়ককে দেখানো হয়। যেটি নিয়ে সমালোচনা শুরু হলে দুঃখ প্রকাশ আয়োজকদের মুখপাত্র অ্যান ডেসক্যাম্পস।









