সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী (পিএস) সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন, পিএস সাখাওয়াত মোল্লা (৫২) ও আ. হেকিম রায়হান (৫২)। র্যাব বলছে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে বেশ কিছু লোক আহত হয়।
এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) এবং আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পরে আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক থাকেন। তাদের গ্রেপ্তারে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। শনিবার রাজধানীর ধানমণ্ডি এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস আসামি সাখাওয়াত মোল্লা (৫২) ও মামলার আরেক এজাহারভুক্ত আসামি আ. হেকিম রায়হানকে (৫২) গ্রেপ্তার করে। এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।









