ভারত-পাকিস্তান ম্যাচ সামনে এলেই তুলনা চলে দু’দলের ক্রিকেটারদের। টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে আলোচনায় বিরাট কোহলি ও বাবর আজম। সময়ের সেরা দুই ব্যাটারের তুলনায় বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিনার দানেশ কানেরিয়া। বলেছেন, ‘কোহলির জুতোর সমানও নন বাবর।’
সম্প্রতি সংবাদমাধ্যমে বাবরকে নিয়ে এমন মন্তব্য করেছেন কানেরিয়া। বলেছেন, ‘বাবর সেঞ্চুরি করলেই পরেরদিন তার সঙ্গে কোহলির তুলনা দেখতে পাবেন। কিন্তু, বিরাট কোহলির জুতোর সমানও নন বাবর।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে গেছে পাকিস্তান। তার দায়ও বাবরকে দিয়েছেন সাবেক ক্রিকেটার। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বোলাররা তাকে আটকে রেখেছিল, সে তাদের খেলতেই পারেনি। ৪০ রানে পৌঁছে আউট হয়ে যায়। তার উচিত ছিল টিকে থাকা এবং ম্যাচটি জেতানো। পাকিস্তানের উচিত ছিল ম্যাচটি অনায়াসে জেতা।’
পাকিস্তান দলকেও ধুয়ে দিয়েছেন কানেরিয়া। বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দল মানেই তামাশা। বিশ্বকাপ নিয়ে তারা সিরিয়াস না, পরিবার নিয়ে আমেরিকায় ছুটি কাটাচ্ছে তারা।’









