দ্বিতীয় দিন শেষে ১২৭ রানে পিছিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেটার জো রুট মাঠে দাঁড়িয়ে আছেন, হেলমেট ও ব্যাট হাতে, ম্যাচের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুলতান টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ৩৬৬ রানের জবাবে ব্যাটে নেমেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দলটি ১২৭ রানে পিছিয়ে আছে। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার বেন ডাকেট।
প্রথম ইনিংসের জবাবে ডাকেটের সেঞ্চুরির ১১৪ রানের প্রতিরোধে দিনশেষে ২৩৯ রান তোলে বেন স্টোকসের দল। দীর্ঘদিন পর মাঠে ফিরে মোটেও সুবিধা করতে পারেননি নিয়মিত অধিনায়ক বেন স্টোকস, আউট হন ১ রানে।
পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ৪টি ও নোমান আলী ২টি উইকেট নিয়েছেন। এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে পরাজয় দেখে পাকিস্তান।
৫ উইকেটে ২৫৯ রানে প্রথমদিন শেষ করা পাকিস্তান বুধবার নেমে মধ্যাহ্ন বিরতির কিছু পরে অলআউট হয়, তোলে ৩৬৬ রান। শেষ ৫ উইকেটে পাকিস্তানের রান আসে ১০৭। নবম উইকেটে আমের জামাল ও নোমান আলী ৪৯ রানের জুটি গড়লে স্বাগতিকদের রান সাড়ে তিনশ পেরোয়। অভিষেক টেস্টে প্রথমদিনে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন কামরান গুলাম। ২২৪ বলে ১১৮ রান করেন ২৯ বর্ষী ডানহাতি ব্যাটার।
ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ সর্বোচ্চ ৪টি এবং পেসার ব্রাইডন কার্স নেন ৩টি উইকেটে।







