বিনোদন

বিশ্ব মুক্তির দিনে বাংলাদেশেও ডিক্যাপ্রিওর নতুন ছবি

অভিনেতা ডিক্যাপ্রিও বন্দুক হাতে দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ডিক্যাপ্রিও একটি শুটিং দৃশ্যে বন্দুক হাতে দেখানো হয়েছে, যা একটি সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড সিনেমাপ্রেমীদের কাছে লিওনার্দো ডিক্যাপ্রিও এক আকর্ষণীয় নাম। ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেতার অগণিত ভক্ত অনুরাগী রয়েছে বিশ্বজুড়ে, যারা তার সিনেমা দেখার অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষার পালে হাওয়া লেগেছে আবার।

পর্দায় আসছে লিওনার্দোর নতুন সিনেমা। মুক্তির আগেই আলোচিত সিনেমাটির নাম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। আগামী ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এই খবরে যে, একই দিনে দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

মহাকাব্যিক অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবির পরিচালক পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানা গেছে। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটি প্রমুখ। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটিকে ‘সমাজের আয়না’ বলে অভিহিত করেছেন ডিক্যাপ্রিও।

তার ভাষ্যে, ‘আমাদের সংস্কৃতির বিভাজন আর চরম মেরুকরণকে দেখায় এই সিনেমা। যদিও ছবির নির্দিষ্ট কোনো বার্তা নেই, তবে চরমপন্থার একধরনের প্রভাব এখানে কাজ করেছে।’ তিনি আরও বলেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ রাজনৈতিক ঘরানার সিনেমা হলেও, রাজনীতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য নেই। পরিচালক সব কিছু বিনোদনের মোড়কে বলে দিয়েছেন।’

এই সিনেমায় রাজনৈতিক ব্যঙ্গ, ব্ল্যাক কমেডি ও অ্যাকশনের মিশ্রণ আছে। যার প্রশংসা করেছেন সমালোচকেরা। দ্য গার্ডিয়ান লিখেছে, ‘এই সিনেমা অসন্তোষ, প্রতিবাদ আর সমাজের বাইরে থাকা একাকী নায়কের গল্প, যা আজকের আমেরিকায় দেখা যায় না।’

সিনেমার গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর আবার একত্রিত হয়। এ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৩ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং চলতে থাকে ২০২৪ সালের ২২ জানুয়ারি। আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এ সিনেমার প্রাথমিক নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’। পরে কিছু জটিলতা এড়াতে এটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

২০০৭ সালে পরিচালক অ্যান্ডারসনের সিনেমা ‘দেয়ার উইল বি ব্লাড’ দুর্দান্ত ব্যবসা করেছিল। এ কারণেই ধারণা করা হচ্ছে লিওনার্দোর সঙ্গে কাজে জুটি বাঁধা এ পরিচালকের জন্য সিনেমাটি হতে পারে একটি মাইলফলক।

বিষয়:ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারটেয়ানা টেলরবাংলাদেশলিওনার্দো ডিক্যাপ্রিওলিওনার্দো ডি ক্যাপরিওলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…