গরু লুটের সময় প্রতিবাদ করায় নিতাই চন্দ্র নামে একজন স্থানীয় ব্যক্তি ডাকাতদের গুলিতে নিহত হয়েছেন। ডাকাতরা তিনটি গরু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাইক্রোবাসে করে আগত ৫ থেকে ১০ জনের ডাকাতদল গভীর অন্ধকার ও কুয়াশা ভেদ করে নিতাই চন্দ্রের গোয়ালঘরে হামলা চালায়। ডাকাতরা গরু নিয়ে পালানোর চেষ্টা করলে সাহসিকতার সঙ্গে বাধা দেয় নিতাই চন্দ্র। এতে ক্ষিপ্ত ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ডাকাতরা গরু লুট করতে গিয়ে বাধা পেয়ে নিতাই চন্দ্রকে গুলি করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিতাই চন্দ্রের মৃত্যুর পর এলাকার মানুষ শোক ও আতঙ্কের ছায়ায় রয়েছে। সাহসিকতার এই মূল্য দিতে হয়েছে প্রাণ দিয়ে—এমন বাস্তবতায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।








