পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে দেশের সংবিধান ভেঙে দেয়ার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেছে সেনাসদস্যরা। সারাদেশে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম জঙ্গিবাদকে রুখে দাঁড়ানোর জন্য পরিচিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকাল থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে সেনাবাহিনী। এমন অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট বাজুমের সাথে ফোনে যোগাযোগ করে তাকে সমর্থন জানিয়েছেন।
নাইজারের সেনাবাহিনী তাদের জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে এই সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয়। বিবৃতিতে আরও জানানো হয়, তারা তাদের দেশের সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে। তারা তাদের সংবিধান ভেঙ্গে দিয়ে সব সরকারি কাজ বন্ধ ঘোষণা করেছে।
প্রেসিডেন্ট বাজুমকে আটকে রাখার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, প্রেসিডেন্ট বাজুমকে আটক রাখার ঘটনাকে জাতিসংঘ নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘ এখনও প্রেসিডেন্টকে সমর্থন করছে।
বুধবার নাইজারের সেনাবাহিনীর কর্নেল মেজর আমাদু আবদ্রামানে অভ্যুত্থানের ঘোষণা করেন। বক্তব্যে তিনি বলেন, আমরা দেশের প্রতিরক্ষা বাহিনী চলমান শাসন ব্যবস্থাকে না মানার সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা পরিস্থিতির দিন দিন দুর্বল হচ্ছে যা এই সরকার সমাধান করতে ব্যর্থ হয়েছে তাই আমরা ক্ষমতা নিজেদের হাতে নিয়েছি।
২০২১ সালের মার্চ মাসে নাইজারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের চেষ্টা করলে সেটি ব্যর্থ হয়েছিল। ওই সময় প্রেসিডেন্ট বাজুমের শপথ নেয়ার কয়েক দিন আগে দেশটির সামরিক বাহিনীর একটি ইউনিট প্রেসিডেন্ট ভবন দখলের চেষ্টা করেছিল।








