উইলিয়ামসনকে নিয়েই বিশ্বকাপে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মাঠে তাদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
আইপিএল খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন। শঙ্কা ছিল ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে। পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ফিরলেন টপঅর্ডার ব্যাটার ও অধিনায়ক। চোট থেকে অনেকটা সেরে ওঠায় উইলিয়ামসনকে নিয়েই বিশ্বকাপের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ভারত বিশ্বকাপের জন্য সোমবার দেয়া ১৫ সদস্যের কিউই দলে পেস অলরাউন্ডারসহ আছেন ছয় পেসার। অধিনায়কের দায়িত্ব থাকছে চোট থেকে ফেরা উইলিয়ামসনের কাঁধে। ২০১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার জিমি নিশামকেও রাখা হয়েছে। আছেন ট্রেন্ট বোল্ট। এই দুই ক্রিকেটারই দেশটির কেন্দ্রীয় চুক্তির বাইরে।
উইলিয়ামসনকে নিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আহমেদাবাদে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উইলিয়ামসন খেলার মতো পুরোপুরি প্রস্তুত হবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। তার এখনও তিন বা চার সপ্তাহ সময় লাগতে পারে পুরোপুরি সেরে উঠতে।’
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।







