চলতি বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে প্লে-অফে খেলবে দলটি। কোয়ালিফায়ারের আগে শান্তর নেতৃত্বের প্রশংসা করলেন অভিজ্ঞ অলরাউন্ডার জেমস নিশাম। নিউজিল্যান্ড তারকা বলেছেন, ‘শান্ত একজন অভিজ্ঞ অধিনায়ক এবং জানে কীভাবে দলের সেরাটা বের করে আনতে হয়।’
মঙ্গলবার প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী। প্রতিপক্ষ টেবিলে দুইয়ের চট্টগ্রাম রয়্যালস। আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। সংবাদ সম্মেলনে আসেন নিশাম। জানান, ফাইনালের টিকিট কাটতে আত্মবিশ্বাসী তারা।
‘আমরা যেভাবে খেলছি, আমি খুব আত্মবিশ্বাসী (ফাইনালে খেলতে)। যেকোনো টুর্নামেন্টের শুরুতে প্রথম লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করা, আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। ফলে প্রথম ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার দ্বিতীয় একটি সুযোগ পাবো। দলের সবাই আত্মবিশ্বাসী। তবে ম্যাচটি একটি নতুন লড়াই, দুদলই সমান জায়গা থেকে শুরু করবে। তাই আবার ভালো খেলতে হবে। আশা করি, গত কয়েক ম্যাচের ফর্ম আমরা ধরে রাখতে পারব।’
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পেছনে অধিনায়ক শান্তর ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন নিশাম, শান্ত একজন অভিজ্ঞ অধিনায়ক। জানেন কখন কোন খেলোয়াড়কে কীভাবে ব্যবহার করতে হয়। চাপের মুহূর্তে কার উপর ভরসা রাখতে হবে, সেটাও তার জানা। দলের থেকে সেরাটা বের করে আনার এই ক্ষমতাই রাজশাহীকে এগিয়ে রাখছে।’
রাজশাহীতে নিজের অভিজ্ঞতা নিয়ে নিশাম বলেছেন, ‘অভিজ্ঞতা দারুণ। এবছর আইএল টি-টুয়েন্টি থেকে এসে শেষ দিকের কয়েকটা ম্যাচের জন্য আসটা ছোট অভিজ্ঞতা। দল হিসেবে রাজশাহী চমৎকার এবং দলের ভেতরের পরিবেশটাও খুব বন্ধুসুলভ। আমাদের ফলাফলও খুব ভালো। এবার বাংলাদেশে আসা নিয়ে আমার কোন অভিযোগ নেই।’








