রাজনীতি

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সমর্থন করে জাতীয় পাটি

নেতাদের সমাবেশে বক্তা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাদের সমাবেশে বক্তা, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, রাজনৈতিক আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এখানে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষে যায়, বিপক্ষে নয়। তাই আমরা (জাতীয় পার্টি) এই ভিসানীতি সমর্থন করি।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে স্থানীয় সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে সেভাবে কোনভাবেই অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। তবে পরিবর্তনটা কি ধরনের হবে, তা সব দল, মত সকলের সাথে কথা বলে একমত হতে হবে।

তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে, আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো, সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম মেম্বর মোস্তফা আল মাহমুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জিএম কাদের ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জেলা জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন।

বিষয়:জাতীয় পার্টিজিএম কাদেরসমর্থন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…