বোলারদের দাপটে নামিবিয়াকে কেবল ৭২ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। ৭৩ রানের মামুলি লক্ষ্যে নেমে ট্র্যাভিস হেড-ডেভিড ওয়ার্নারদের উড়ন্ত সূচনায় ৬ ওভারের মাঝেই গন্তব্যে পৌঁছে যায় মিচেল মার্শের দল। ৯ উইকেটে জয় পেয়ে সাউথ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
অ্যান্টিগায় নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। ব্যাটে নেমে একের পর এক উইকেট হারিয়ে ১৭ ওভারে ৭২ রান তুলে গুটিয়ে যায় নামিবিয়া। জবাবে নামিবিয়াকে হারাতে অজিরা খেলেছে কেবল ৩৪ বল। ৮৬ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে অজি দলটি।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তোলে অস্ট্রেলিয়ার টপঅর্ডার। ব্যাট করতে নামা তিনজনের প্রত্যেকেই রান করেছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে। ডেভিড ওয়ার্নার করেছেন ৮ বলে ২০। তার স্ট্রাইকরেট ২৫০। ডেভিড ওয়াইজের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন। বাকি কাজ সারেন ট্র্যাভিস হেড এবং অধিনায়ক মিচেল মার্শ। হেড করেছেন ১৭ বলে ৩৪, আর মার্শের ৯ বলে এসেছে ১৮ রান। দুজনেরই স্ট্রাইকরেট ২০০।
এর আগে শুরু থেকে নামিবিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন কামিন্স-জাম্পা। নামিবিয়ার ওপেনিং জুটি থেকে ১৪ রান আসে, পরে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক গেরহার্ড এরাসমাস সর্বোচ্চ ৩৬ রান করেন। আর একজন ব্যাটার কেবল দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার জাম্পা। ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস। প্যাট কামিন্স ও নাথান অ্যালিস পেয়েছেন একটি করে উইকেট।









