গেল ৮ আগস্ট বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। এবার অপেক্ষা তাদের নতুন জীবন শুরু করার। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তাদের প্রাক বিবাহের আনুষ্ঠানিকতা। কিন্তু এই জুটির চার হাত এক হবে কবে তাতেই এখন চোখ তাদের ভক্তদের।
যদিও নাগা-শোভিতার বিয়ের দিনক্ষণ এখনও তাদের তরফে জানানো হয়নি। তবে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নাগা ও শোভিতা এ বছরই বিয়ে করতে পারেন। ধারণা করা হচ্ছে, আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পরিবারের এবং প্রিয়জনদের উপস্থিতিতে চার হাত এক হবে এই জুটির।
এদিকে ইতোমধ্যেই নিজেদের প্রাক-বিবাহের বেশ কিছু ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন শোভিতা। যেখানে তেলেগু বিবাহের প্রেক্ষাপটে একটি ঐতিহ্যবাহী আচার হিসেবে নববধূকে গম, হলুদ এবং অন্যান্য উপাদান পাথরে পিষতে দেখা গেছে। যদিও ছবিতে নাগা চৈতন্যকে দেখা যায়নি।
তবে জানা গেছে, তেলুগু বিবাহের প্রেক্ষাপটে এই কাজটি তাদের বিবাহিত জীবনের শুরুর প্রতীক, যেখানে তারা দায়িত্ব ভাগ করে নেয়, একসাথে কাজ করে এবং জীবনের একটি নতুন পর্বের জন্য প্রস্তুত হয়।
এদিন শোভিতা পরেছিলেন পিচ গোল্ড এবং সবুজ সিল্ক শাড়ি। অভিনেত্রীর আশে পাশে তার বন্ধু ও পরিবারের সদস্যদের দেখা গেছে। শোভিতার ভক্তরা কমেন্টে শুভকামনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘শোভিতাকে দারুণ দেখাচ্ছে।’
২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের গোয়ায় নাগা ও সামান্থা দুই রীতি মেনে বিয়ে সেরেছিলেন। চার বছরের দাম্পত্যের পর ২০২১ সালের অক্টোবরে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা।- পিঙ্কভিলা







