বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস (বিইউএফওএলএ) আয়োজিত ‘বাংলাদেশ দিবস প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’-এ গান পরিবেশন করবেন জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী।
রূপালী পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও যুক্তরাষ্ট্রে অবস্থানকালে মৌসুমী নিয়মিতই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তার সুমধুর কণ্ঠের জন্যও তিনি পরিচিত এবং সুযোগ পেলেই এমন আয়োজনে অংশগ্রহণ করেন।
এবারের আয়োজনে তার সঙ্গে মঞ্চে থাকবেন গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নি। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আনিসুর রহমান মিলন এবং নোভা ফিরোজ।
গান পরিবেশনার পাশাপাশি ২৭ এপ্রিল মৌসুমী একটি নৃত্য পরিবেশনাতেও অংশ নেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠান নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মৌসুমী বলেন,“এমন প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ আয়োজনে আমাকে যুক্ত করায় আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রবাসে থেকেও নিজের দেশ ও দেশের মানুষকে সম্মান জানানোর সুযোগ পাওয়া সত্যিই হৃদয়ছোঁয়া।”
বিইউএফওএলএ মূলত ২৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত, এবং ২০০৬ সাল থেকে তারা প্রতিবছরই স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন করে আসছে। এ বছরের “বাংলাদেশ দিবস প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ এপ্রিল, যেখানে রঙিন তিন ঘণ্টার দীর্ঘ প্যারেডে শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করবেন।









