আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আঙুলের জয়েন্টে চিড় ধরা পড়ায় সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন। টাইগার তারকার ছিটকে যাওয়াকে দুঃখজনক বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজ বাঁচানোর ম্যাচে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন মিরাজ। সেখানে বলেন এমন।
‘মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক ব্যাপার। ইনজুরি হয়েছে, মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে, সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।’
এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে, উইকেটের পেছনে বল ধরতে গিয়ে বাম তর্জনীর ডগায় চোট পান মুশফিক। ম্যাচের পরে এক্স-রে রিপোর্টে দেখা যায় আঙুলের জয়েন্টে চিড়। বিশ্রামে থাকতে হচ্ছে টাইগার তারকা ব্যাটারকে।









