কোপা আমেরিকা খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া মেজর লিগ সকারে খেলতে নেমে টানা দুই জয় তুলেছে ইন্টার মিয়ামি। আগের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে জয়ের পর কলম্বাসকে হারিয়েছে টাটা মার্টিনোর দল।
ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে কলম্বাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলেছে ইন্টার মিয়ামি। দীর্ঘ ১১ মাস পর মিয়ামির হয়ে জালের দেখা পেয়েছেন আমেরিকান তারকা ইয়ান ফ্রে। অন্য গোলটি করেন লিওনার্দো ক্যাম্পানা। প্রতিপক্ষের কুচো হার্নান্দেজ মিয়ামির জালে বল পাঠান।
ম্যাচের বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে কলম্বাস। ৬৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের। ১৭টি শট নিলেও লক্ষ্যে রাখতে সক্ষম হয় কেবল ৪টি। বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও ১২টি শটের মধ্যে মিয়ামি লক্ষ্যে রাখে ৭টি।
জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ শক্তপোক্ত করল মিয়ামি। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।









