প্যারিস সেইন্ট জার্মেইনে ২০১৭ সালে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র, লিওনেল মেসি ২০২১ সালে। সাবেক সতীর্থকে পেয়ে নেইমার উচ্ছ্বসিত থাকলেও ফরাসি অধিনায়ক কাইলিয়ান এমবাপে কিছুটা ‘ঈর্ষান্বিত’ ছিলেন, কদিন আগে এমন মন্তব্য করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার কথার জবাব দিয়েছেন বর্তমানে রিয়াল মাদ্রিদে থাকা এমবাপে।
ব্রাজিলের একটি পত্রিকায় ঈর্ষা সম্পর্কে এমবাপে বলেছেন, ‘না, সত্যি কথা হল আমার এ সম্পর্কে কোনো মন্তব্য নেই। এখন আমি যা করছি তার উপর মনোযোগ দেয়ার চেষ্টা করছি। নেইমারের প্রতি আমার অনেক সম্মান রয়েছে।’
‘নেইমার সম্পর্কে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক থাকতে চাই। সে বিশ্বের অন্যতম একজন খেলোয়াড় এবং প্যারিসে আমরা অনেক সময় কাটিয়েছি। এখন আমি মাদ্রিদে, এখানে উপভোগ করতে চাই। তার, পরিবার এবং সব বন্ধুদের প্রতি শুভ কামনা।’
কদিন আগে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও প্রশ্ন করেন নেইমারকে যে, এমবাপে বিরক্তিকর কিনা? নেইমার বলেন, ‘না, বিরক্তিকর নয়। তার সাথে আমার অনেক ঘটনা আছে, কিছু ঝামেলাও আছে। কিন্তু সে আমাদের প্রধান। আমি তাকে গোল্ডেন বয় হিসেবে ডাকতাম।’
‘সবসময় তার সাথে খেলতাম, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে। তাকে সাহায্য করতাম, কথা বলতাম, সে আমার বাসায় আসলে একসাথে খাবার খেতাম। তার সাথে আমার কয়েক বছরের বন্ধুত্ব ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল। আমার সাথে তার বন্ধুত্বটা সে ভাগ করতে চায়নি। এরপর কিছু ঝগড়া হয় এবং আচরণে পরিবর্তন আসে।’









