মেয়েদের সাফ ফুটসালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী লাল-সবুজের দল শনিবার এসেছিল চ্যানেল আই ভবনে সংবর্ধনায়। আলাপচারিতায় পছন্দের গোলরক্ষকের নাম জানালেন ফুটসাল জয়ী গোলকিপার স্বপ্না।
শনিবার বেলা ১১টার দিকে বাফুফের বাসে চ্যাম্পিয়নরা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। ফুলেল অভ্যর্থনা জানিয়েছে চ্যানেল আই। পরে স্বপ্না বলেন, ‘আমি আগে কখনও ফুটসালে খেলিনি। ফুটসাল সম্পর্কে আমার ধারণাও ছিল না। আমাদের কোচ সবসময় পাশে থাকতেন, তিনিই আমাকে বলে দিতেন কখন বের হতে হবে, কখন থাকতে হবে। সবসময় কোচের দিকেই দেখতাম, তার নির্দেশনা অনুসরণ করতাম।’
পছন্দের গোলরক্ষকের নাম টানতে আর্জেন্টিনার বিশ্বজয়ীকে নিয়ে স্বপ্না বললেন, ‘বিশ্বের মধ্যে আমার পছন্দের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আমাদের সতীর্থ যারা আছেন সবার সমর্থন পেয়েছি। সবাই আমাকে অনেক অনেক সমর্থন করেছে।’
‘বল সেভ করতে হয়নি বা বল আসছে না এমন একটি ম্যাচ হয়েছিল। আমরা আগে গোল দিয়েছিলাম ওই ম্যাচে। কঠিন সময়টা আমরা আগেই পার করে গেছি।’
থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এসেছে বাংলাদেশ। প্রথম আসরে শিরোপা জিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনার দল। শুরুতে চ্যাম্পিয়নদের বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে, ঝলমলে আয়োজনে বিজয়ী দলকে সংবর্ধনা দেয় বাফুফে।
সাত দলের অংশগ্রহণে ফুটসাল আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু, দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।









