৩১ বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

চলতি বছর স্পেনের হয়ে ফিফা বিশ্বকাপ জিতেছেন মার্কোস লরেন্তে। তার একমাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার।
৩১ বর্ষী লরেন্তে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে একাদশে ছিলেন না। তবে গ্রুপপর্বে কেপ ভার্দে ও উরুগুয়ের বিপক্ষে এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লরেন্তে লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি, আমি এখনও তরুণ এবং হয়তো সবকিছু ঠিকঠাকভাবে চালিয়ে গেলে এই জার্সি গায়ে আরও কয়েক বছর খেলার সুযোগ পেতাম। অনেকেই হয়তো এ সিদ্ধান্ত বুঝবেন না। বাইরে থেকে দেখলে আমিও হয়তো বুঝতাম না। তবে এটি আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, যা অত্যন্ত ভেবেচিন্তে এবং হৃদয় থেকে নেয়া হয়েছে।’
২০২০ সালে স্পেনের হয়ে অভিষেক লরেন্তের, ২৭ ম্যাচ খেলেছেন। ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২২ সালের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। স্প্যানিয়ার্ড জানান, এবারের বিশ্বকাপে তার অংশগ্রহণ বা ফলাফল কোনকিছুর উপরই এই অবসরের সিদ্ধান্ত নির্ভর করছিল না।
‘আমি বিশ্বকাপে গিয়েছিলাম কিনা, কিংবা আমরা জিতেছিলাম কিনা, তার তোয়াক্কা না করেই এই সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল। এই বছরগুলোতে যাদের সাথে আমার পথচলা, তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’







