ভারতে ঝাড়খণ্ড থেকে মুম্বাইগামী একটি ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ৩০ জুলাই সকালে হাওড়া-মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস ট্রেনটি বাদাবাম্বুর একালায় লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের যে ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে তার মধ্যে ১৬টি যাত্রীবাহী, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার বগি ছিল। ট্রেনটির লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আহতদের রেলওয়ের মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।









