প্রতিপক্ষের মাঠ হলেও বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয় ছিল প্রত্যাশিত। দুদলের সবশেষ ১৪ দেখায় সবকটি জিতে মাঠ ছেড়েছিল ম্যানসিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি বোর্নমাউথ। এবার লিগে হেরে বসেছে সিটি। হারের কারণ চোটজনিত সমস্যার দিকে ইঙ্গিত করেছেন কোচ পেপ গার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। ম্যাচে ১৯ শটের কেবল চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে, বোর্নমাউথের ১২ শটের ছয়টি ছিল লক্ষ্যে।
স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলছেন, ‘সত্যি বলতে একটা ম্যাচে কী ঘটবে সেটা আগে থেকে কেউই জানে না। তবে বলতে চাই যদি এই খেলোয়াড়রা চোটে না পড়ত, আমরা জিততাম, হয়ত জিততাম, কিন্তু সেটাও কেউ জানে না। ছেলেরা মাঠের লড়াইয়ে নিজেদের নিংড়ে দেয়, যে দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেনো, সেরাটাই সকলে দেয়। হয়ত প্রতিপক্ষের তুলনায় সেটা কম হয়েছে।’
‘যখন এধরনের ম্যাচে পিছিয়ে থাকবেন এবং গোল হজম করবেন, সেটি চিন্তার বিষয়। ডিফেন্ডার ও স্ট্রাইকারদের আরও গভীরভাবে ম্যাচে থাকতে হবে। আমাদের কিছু খেলোয়াড় ছন্দে আছে এবং চোট থেকে ফিরে কেউ কেউ এখনও ছন্দে ফিরতে পারেনি। এসব নিয়ে অবশ্য অজুহাতের কিছু নেই, এগুলো আমরা আগেই জানতাম।’
মৌসুমের প্রথম হারে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে সিটি। ১০ ম্যাচে পয়েন্ট ২৩। ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে লিভারপুল।









