শিরোপা জয়ের খুব কাছে গিয়েও গত কয়েক মৌসুমে জেতা হয়নি লিভারপুলের। সেসময় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি সবচেয়ে বেশি ভুগিয়েছেন অলরেডদের সাবেক কোচ ইয়ূর্গেন ক্লপকে। আর্থিক নিয়ম লঙ্ঘনের কারণে যদি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যানসিটির সেসব শিরোপা কেড়ে নেয়, মায়োর্কা দ্বীপে একটি পার্টির আয়োজন করবেন ক্লপ।
কোচিং পেশা ছেড়ে বর্তমানে রেডবুলের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে আছেন ক্লপ। প্রথমবারের মতো সাংবাদ মাধ্যমের সামনে আসলে প্রশ্ন যায়, কমিশন যদি সিটিকে দোষী সাব্যস্ত করে এবং তাদের সম্মান তালিকা থেকে যদি লিগ শিরোপা কেড়ে নেয়, তাহলে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন।
৫৭ বর্ষী ক্লপ বলেছেন, ‘যখন চলে যাই তখন আমাদের মধ্যে এই আলোচনা হয়েছিল। মায়োর্কায় খুব বেশি সময় ব্যয় করিনি কারণ সবসময় সেখানে ঘুরে বেড়াই। যদি তা ঘটে, তাহলে যারা আসতে চেয়েছিল তাদের সবাইকে বলেছিলাম- আপনারা শুধু মায়োর্কায় একটি ফ্লাইট বুক করবেন। আমি বিয়ার কিনব। আমাদের বাগানে আমাদের নিজস্ব প্যারেড হবে। পার্টির জন্য যা যা দরকার সবকিছুই হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। অপেক্ষা রায়ের। জানুয়ারিতে রায় দেয়ার কথাও রয়েছে তিন সদস্যের বিচারক প্যানেলের। তার আগে প্রমাণ বিবেচনা করছেন তারা।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় মৌসুম সময়কালে অনিয়মগুলো সংঘটিত হয়েছিল বলে অভিযোগ তুলেছে প্রিমিয়ার লিগ। চার বছর তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়।
অভিযোগে রয়েছে, ২০০৯-১০ মৌসুমে সঠিক আর্থিক তথ্য দেয়ার নিয়ম ভেঙেছে সিটি। ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি। ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের মুনাফা ও স্থায়িত্বের (পিএসআর) নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হয়েছে ক্লাবটি।









