অর্থনীতি

দাবি আদায়ে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

দাবি আদায়ে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সংগঠনটির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বুধবার নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় সমিতি।

নোটিশে বলা হয়, ৮ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত থাকবে।

এর আগে একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে তারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। এছাড়া প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেয় সমিতি।

বিষয়:এলপিজিসিলিন্ডার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…