কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার জেরে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন লেবার যুগের অন্যতম স্থপতি সাবেক ক্যাবিনেট মন্ত্রী এবং কূটনীতিক লর্ড পিটার ম্যান্ডেলসন।
আজ ২ ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লেবার পার্টির মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে লর্ড ম্যান্ডেলসন জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত নতুন নথিতে আবারও তার নাম উঠে আসায় তিনি দুঃখিত ও অনুতপ্ত। তিনি দাবি করেন, প্রায় ২০ বছর আগে এপস্টেইনের কাছ থেকে আর্থিক লেনদেনের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তিনি মিথ্যা বলে মনে করেন এবং এই বিষয়ে তার কোনো রেকর্ড বা স্মৃতি নেই।
তবে এসব অভিযোগ তিনি নিজে তদন্ত করতে চান উল্লেখ করে চিঠিতে তিনি জানান, বিষয়টি নিয়ে দলকে আর বিব্রত করতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি এপস্টেইনের নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের প্রতি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। এসব নথিতে দাবি করা হয়, ২০০৩ ও ২০০৪ সালে তিন দফায় মোট ৭৫ হাজার ডলার লর্ড ম্যান্ডেলসনের নামে পাঠানো হয়েছিল, যা এপস্টেইনের জে পি মরগ্যান ব্যাংক হিসাব থেকে স্থানান্তরের তথ্য হিসেবে উল্লেখ রয়েছে। যদিও এসব অর্থ আদৌ সংশ্লিষ্ট হিসাবগুলোতে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত নয়।
এর আগে এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্কের কারণে লর্ড ম্যান্ডেলসনকে যুক্তরাজ্যের মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। তিনি এপস্টেইনের ২০০৮ সালের দণ্ডের পরও তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য আগেই দুঃখ প্রকাশ করেছিলেন।









