২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। পরে ওয়ানডের নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেয়া হয়। সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজে ভারত হারার পর ২০২২ সালের জানুয়ারিতে লাল বলের ক্রিকেটেও নেতৃত্ব ছাড়েন কোহলি।
সেসময় গণমাধ্যমে এসেছিল, বিসিসিআইয়ের তখনকার সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাঠি নেড়ে নেতৃত্ব থেকে সরিয়েছেন কোহলিকে। যা নিয়ে দুজনের তিক্ততা ও মুখরোচক আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছিল।
সম্প্রতি টিভি রিয়েলিটি শো দাদাগিরিতে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন সৌরভ। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের কথা, বিরাটের অধিনায়কত্ব কাড়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না।
‘বিরাট কোহলিকে আমি অধিনায়কত্ব থেকে সরাইনি। এটা আমি বহু জায়গায় বলেছি। বিরাট কোহলি টি-টুয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতে চায়নি। তারপর তাকে বলি, তুমি যখন টি-টুয়েন্টি ক্রিকেটে করবে না তখন সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দাও। একজন সাদা বলের ক্রিকেটে করুক, আরেকজন লাল বলের ক্রিকেটে ক্যাপ্টেন হোক।’
সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার পর কোহলির স্থলাভিষিক্ত হন রোহিত শর্মা। পরে টেস্ট দলের দায়িত্বও তার ঘাড়ে বর্তায়। সে ব্যাপারে খোলামেলা কথাই বলেছেন প্রিন্স অব কলকাতা।
‘রোহিত শর্মাকে অধিনায়ক করার ব্যাপারে আমার চাপ কিছুটা ছিল। কারণ ও সব ফরম্যাটে অধিনায়ক হতে চাইছিল না। এটায় কিছুটা হয়তো আমার হাত আছে। একটা কথা মনে রাখতে হবে, যে যত বড়ই প্রশাসক হোক, মাঠে ভালো খেলে খেলোয়াড়রাই।’







