পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসির) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ১৩ আগস্ট বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজকে। কিন্তু এ নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রুপ তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সখ্যের অভিযোগ তোলেন।
সালমান এফ রহমানের সঙ্গে একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিযোগ তোলা হয়। পরে মাসরুর রিয়াজের বিষয়ে বিএসইসির কর্মকর্তারাও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আপত্তি জানান। যদিও পরে সেই আপত্তি প্রত্যাহার করে নেওয়া হয়।
এমন পরিস্থিতিতে এম মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের অপারগতা প্রকাশ করেন গত শনিবার।









