বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুরের পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে নতুন জীবনের পথে পা বাড়ালেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ জুটি। আপাতত ‘টক অফ দ্য টাউন’ এই তারকা জুটির বিয়ের ছবি।
তবে শুক্রবার সকালেই নব দম্পতি ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। এসময় নতুন বউয়ের (ক্যাটরিনা) পরনে ছিল প্যাস্টাল হলুদ রংয়ের সালোয়ার স্যুট অপরদিকে ভিকির ছিল কুর্তা। যদিও অতিথিরা এখনও আছেন সেখানেই। পাশাপাশি সেখানে রয়েছেন ভিকি-ক্যাটের পরিবারও।
জানা গেছে, এদিন সকালেই জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইট নিয়েছেন নব বিবাহিত এই জুটি।
ধারণা করা হচ্ছে, হয়ত হানিমুনের জন্যই পাড়ি জমিয়েছেন নব দম্পতি। কেননা বেশ টাইট শুটিং শিডিউল রয়েছে ভিকির হাতে। একই অবস্থা ক্যাটরিনারও। তাইতো বিয়ের পরদিনই বউকে নিয়ে উড়ে গেলেন মধুচন্দ্রিমায়।
তবে ভিকি-ক্যাটের বিয়ের মতই গোপন রাখা হয়েছে চার্টার্ড ফ্লাইট নিয়ে তারা ঠিক কোথায় গেলেন সে বিষয়টি। যদিও ইতোপূর্বে গুঞ্জন উঠেছিল মালদ্বীপে হানিমুনে যেতে পারেন তারা। তবে এখনো সেটির সত্যতা জানা যায়নি।
এদিকে মুম্বাইয়ে বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিকি-ক্যাটের রিসেপশন হওয়ার কথা থাকলেও ওমিক্রনের আতঙ্কে সেটি নাকি কাটছাট করার পরিকল্পনা চলছে এমনটাই গুঞ্জন উঠেছে।







