ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে নিরাপত্তা ঘিরে এক ধরনের সংকট তৈরি হয়েছে। যা উত্তরণে কাজ করছে স্বাগতিক দেশটি। এরমধ্যেই প্রাকৃতিক সংকটের মুখোমুখি কানপুর টেস্ট। শঙ্কা রয়েছে প্রথমদিনে খেলা গড়ানো নিয়েই।
শুক্রবার গ্রিনপার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচ গড়াবে। যথাসময়ে খেলা শুরুতে বাধা হানতে পারে বৃষ্টি। শুক্রবার সারাদিনে কয়েকদফা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কানপুরে।
অ্যাকুওয়েদারের তথ্যমতে, শুক্রবার সকালের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে কানপুরের আকাশ। স্থানীয় সময় ৯টার পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার স্থায়িত্ব হতে পারে ঘণ্টাদুয়েক। দুপুর বারোটায় বৃষ্টি থামার সম্ভাবনা থাকলেও দুপুর একটায় ফের হানা দিতে পারে বৃষ্টি। দুপুর ২টা ও ৩টায় বৃষ্টি নামার সম্ভাবনা কম। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আর বিকেল ৪টার পর টানা দুঘণ্টা বৃষ্টি হতে পারে।
শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। টেস্টের দ্বিতীয় দিনে, শনিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। রোববার ম্যাচের তৃতীয় দিনে বারকয়েক খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা আছে। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। তবে খেলার শেষ দুদিন আবহাওয়া ভালো থাকবে।
রোহিত শর্মার ভারতের বিপক্ষে কানপুরে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।









