২৭ জুন মুক্তি পাবে নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি। তার আগে শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং। রেকর্ড ভাঙ্গা টিকেট বিক্রির নজির দেখে মনে করা হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে ছবিটির।
অগ্রিম টিকিট বুকিংয়ের দিক থেকে এগিয়ে রয়েছে তেলেগু ভার্সন। অন্য ভাষার টিকিটও বিক্রি হয়েছে। তবে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে হিন্দি ভার্সন। বুধ-বৃহস্পতিবারের মধ্যে হিন্দির অগ্রিম বুকিংয়ের হার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ট্রেড ওয়েবসাইট সাচনিল্কে বলা হয়েছে, আরআরআর ও বাহুবলী টু-এর পরে কল্কি ২৮৯৮ এডি হতে চলেছে প্রথম দিনেই ২০০ কোটির মাইলফলক ছোঁয়া তৃতীয় ভারতীয় সিনেমা।
নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।
‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।
এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস








