অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশ করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
কারিগরি শিক্ষা বোর্ডের জেএস (ভোকেশনাল) ও জেডিসি (ভোকেশনাল) শাখা থেকে মোট ২০৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৯ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১১৯ জন।
গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবছর ট্যালেন্টপুল ও সাধারণ দুই ক্যাটাগরিতে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
যেভাবে জানা যাবে ফল
জুনিয়র বৃত্তির ফল দুটি উপায়ে জানা যাবে।
- এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।
- অনলাইনে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলে ফলাফল দেখা যাবে।








