ট্রাক্টর দিয়ে জমি চাষ শেষে বাড়ি ফেরা হলো না কৃষকের

পানিতে ডুবে থাকা ট্রাক্টর, কৃষকের জমি চাষের পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ট্রাক্টর দিয়ে জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের পানিতে পরে কৃষক মো. হানিফ আলী (৪৫) ঘটনাস্থলেই মারা গেছেন।
জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পুরানাপৈল মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। হানিফ আলী ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুরানাপৈল ইউপি সদস্য তারাকুল ইসলাম বলেন, ঘটনাটি রাতে হওয়ায় হানিফ আলীর পরিবার বিষয়টি জানত না। আজ সোমবার ভোরে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় ট্রাক্টরটি পড়ে থাকতে দেখেন। পরে ট্রাক্টরের নিচে হানিফের লাশ পাওয়া যায়। হানিফের পরিবার খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। হানিফ আলী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা গেছেন। তার পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই।






