অ্যাশেজে শেষ টেস্টের প্রথমদিনে ১০৩ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন জো রুট। দ্বিতীয় দিনে ইনিংস টেনে ২৪২ বল করেছেন ১৬০ রান। দেড়শর ইনিংস খেলে পৌঁছে গেছেন দুটি রেকর্ডের আরও কাছাকাছি। সবচেয়ে বেশি টেস্ট রান করার তালিকায় এখন দুইয়ে তিনি, উপরে ভারতীয় কিংবদন্তি সাবেক শচীন টেন্ডুলকার। আর সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় অস্ট্রেলিয়ান কিংবদন্তি সাবেক রিকি পন্টিংকে ছুঁয়ে আছেন তৃতীয় স্থানে।
রোববার অ্যাশেজে পঞ্চম টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ে নামে সফরকারী দল। প্রথমদিনে ব্যাটিংয়ে নামা রুট দ্বিতীয় দিনে মাইকেল নেসারের বলে ক্যাচ তুলে দেন, ক্যাচ নেসেরই তালুবদ্ধ করলে ফেরেন রুট। ২৪২ বলে ১৬০ রানে ছিল ১৫টি চারের মার।
রুটকে হাতছানি দিচ্ছেন দুটি অনন্য রেকর্ড। যার মধ্যে, টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন ইংলিশ তারকা ব্যাটার। ২০১২ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা রুট দীর্ঘ একযুগে খেলেছেন ১৬৩ ম্যাচ, ২৯৭ ইনিংস। তার রানে ১৩,৯৩৭। প্রথম স্থানে আছেন ২০০ ম্যাচ এবং ৩২৯ ইনিংস খেলা টেন্ডুলকার, রানে ১৫,৯২১। ভারতীয় কিংবদন্তিকে টপাতে রুটের দরকার ১,৯৮৪ রান।
অন্যদিকে সবেচেয় বেশি সেঞ্চুরির তালিকায় অজি ব্যাটার পন্টিংয়ের সাথে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন রুট। তার সেঞ্চুরিসংখ্যা ৪১টি। ১৬৮ ম্যাচ খেলা পন্টিংয়ের সেঞ্চুরিও ৪১টি। এ তালিকায়ও প্রথম স্থান দখলে রেখেছেন টেন্ডুলকার, তার ঝুলিতে আছে ৫১টি শতক। ১৬৬ ম্যাচ খেলা জ্যাক ক্যালিস ৪৫টি শতক নিয়ে আছেন তালিকায় দ্বিতীয় স্থানে।
আরও একটি মাইলফলকের মালিক রুট। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি। প্রায় পাঁচ বছরে ২৪টি টেস্ট সেঞ্চুরি করেছেন। ১০টি করে শতক ছোঁয়ায় তালিকার পরের ৪ জন হলেন স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, হ্যারি ব্রুক এবং শুভমন গিল।








