আন্তর্জাতিক

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

ভারতীয় জনতা নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে জনতা রাস্তায় বিক্ষোভ ও প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যের রাজধানী রাঁচিতে বিধানসভা অভিমুখে মিছিল করা চাকরিপ্রার্থীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের এ পদক্ষেপের সমালোচনা করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (১১ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা অন্যায়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। ঝাড়খণ্ড সরকারকে আন্দোলনকারীদের কথা শোনা এবং দ্রুত তাদের সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগ তুলে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার হাজারো বিক্ষোভকারী বিধানসভা অভিমুখে মিছিল করলে ব্যারিকেড অতিক্রমের চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো ধরনের সতর্কতা ছাড়াই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। তবে আহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

আন্দোলনকারীরা নিয়োগ পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্তে সিবিআই ও ইডিকে যুক্ত করা, বিতর্কিত পরীক্ষা বাতিল এবং পুরো নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের দাবি, ১৩টি পরীক্ষা বাতিল করতে হবে। তবে সরকার তিনটি পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। দলটির রাজ্য সভাপতি আদিত্য সাহু অভিযোগ করেছেন, চাকরিপ্রার্থীদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জ করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি।

ঝাড়খণ্ডে সরকারি চাকরির প্রতি তরুণদের ব্যাপক আগ্রহ থাকায় নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। বিভিন্ন পরীক্ষায় লাখ লাখ প্রার্থী অংশ নেন। ফলে নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তরুণদের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

রাহুল গান্ধীর সমালোচনা ও বিজেপির বন্‌ধের ঘোষণার পর নিয়োগ পরীক্ষার অনিয়মের এই আন্দোলন এখন ঝাড়খণ্ডের রাজনৈতিক অঙ্গনেও নতুন উত্তাপ তৈরি করেছে।

বিষয়:ঝাড়খণ্ডনিয়োগ পরীক্ষারাহুল গান্ধী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…