গেল বছর মুক্তি প্রাপ্ত শাহরুখ খানের অ্যাকশন সিনেমা ‘জওয়ান’র সাফল্যের পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। যে ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয়েছে তার। তবে এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিলেন জনপ্রিয় এই পরিচালক।
সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে হলিউডের প্রজেক্ট প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন অ্যাটলি। তিনি আস্থা প্রকাশ করেছেন যে, তার স্বপ্ন আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে। কেননা তিনি চান দর্শক তার বানানো সিনেমা দেখার জন্য সময় এবং অর্থ বিনিয়োগকারী হিসেবে সর্বাধিক বিনোদন পান, সেকারণেই তিনি কিছুটা সময় চান।
অ্যাটলি তার প্রথম চলচ্চিত্র থেকেই এই নীতির উপর জোর দিয়েছিলেন। তিনি জানান, আমি আমার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলাম। আমি আমার দায়িত্ব পালনে চেষ্টা অব্যাহ রেখেছি। ভবিষ্যতে, আমি যদি কখনও হলিউডের ছবি বানাই, তাই করব।
তবে আদৌ কি অ্যাটলি হলিউডে ফিল্ম বানাতে চান কিনা জানতে চাইলে অ্যাটলি বলেন, “হ্যাঁ, এটা হচ্ছে। বলিউডে পৌঁছাতে আমার আট বছর লেগেছে, হয়তো আগামী তিন বছরের মধ্যে, আপনি একটি দুর্দান্ত ঘোষণা সহ সেখানে কিছু দেখতে পাবেন। আমি এটার উপর কাজ করছি।”
গেল বছর ‘জওয়ান’ মুক্তির পর এক সাক্ষাতকারে অ্যাটলি জানিয়েছিলেন যে, হলিউড থেকে ডাক পেয়েছেন তিনি। অবশেষে সেটিই সত্যি হতে যাচ্ছে।- ইন্ডিয়ান এক্সপ্রেস







