নাম পরিবর্তন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা–এর ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগ। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ নাম পরিবর্তন করে এখন থেকে সংগঠনটি ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার (৩ মার্চ) সকালে রাজধানীতে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুর রহমান ফারুকী এ সিদ্ধান্তের কথা দলটির মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে জানান।
নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে আব্দুর রহমান ফারুকী বলেন, ‘জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধান–এর হাতে গঠিত হয়। ১৯৯০ ও ২০২৪ সালের গণ–অভ্যুত্থানসহ দেশের স্বার্থ ও গণতন্ত্রের আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে “ছাত্রলীগ” নামটির প্রতি বিরূপ ধারণা তৈরি হয়েছে। জনগণের চিন্তা–চেতনাকে সম্মান জানিয়ে কেন্দ্রীয় সংসদের জরুরি বৈঠকে সংগঠনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংগঠনের নেতারা জানান, এই পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্র সংগঠনটির যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ নামে পরিচিতি পায়। ১৯৭৫ সালে বাকশাল গঠনের সময় সংগঠনটি নিষিদ্ধ করা হলেও তৎকালীন নেতারা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন। ১৯৮০ সালে সেই ধারাবাহিকতায় ‘জাগপা ছাত্রলীগ’ নামে সংগঠনটির নামকরণ করা হয়।







