বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সমস্ত এলাকা শৃঙ্খলা আছে শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এসময় দলের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন তিনি।
তিনি বলেন, শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তার মানে প্রশাসন ফেল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি সেসব এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকায় শৃঙ্খলা আছে শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না।
অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ২০২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে। স্বৈরাচার হাসিনা ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করেছে। সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে।
তিনি বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই৷ আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও পার্লামেন্ট দেখতে চাই৷ যাতে রাজনীতিবিদেরা কাজ করতে পারেন, রাজনৈতিক অবস্থা ফিরে আসে। সেইসঙ্গে আন্দোলনে শহীদদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









