জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের ক্ষেত্রে তাকে অবাঞ্ছিত ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা না জানানোর জন্য এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
গতকাল বুধবার ২ অক্টোবর সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ‘দ্ব্যর্থহীনভাবে নিন্দা’ জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস। এ কারণে তাকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল।
কাটজ জানান, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একজন ইসরায়েলবিরোধী মহাসচিব এবং সন্ত্রাসবাদ, ধর্ষক এবং খুনিদের সমর্থক বলেও মন্তব্য করেন তিনি।
গত সপ্তাহে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইসরায়েলে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহর সমর্থক ইরান। জাতিসংঘ মহাসচিব ইরানের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমবর্ধমান হওয়ার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান।
যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা প্রকৃতভাবে না করায় ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, আগামী প্রজন্মের জন্য গুতেরেসকে জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণ করা হবে।









