গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে সমন্বিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে, জাতিসংঘের ওই আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের একটি হাসপাতালে ঢুকে চিকিৎসাকর্মীদের গ্রেপ্তার করেছে। এতে হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে গেছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার ব্যাপারে আলোচনা করতে তুরস্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গাজায় ইসরায়েলি হামলা কিভাবে রোধ করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন রাইসি।
গত ৭ অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ২৫ হাজার ৭শ জন নিহত এবং ৬৩ হাজার ৭শ৪০ জন আহত হয়েছেন।







