যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবরে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, ইরানের সাংবিধানিক সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানে চালানো হামলার সময় আয়াতুল্লাহ খামেনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় খামেনি ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর ছিলেন বলে জানানো হয়। হামলার আগে খামেনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আয়াতুল্লাহ খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেখানে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। তবে হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা দেশটির রাষ্ট্রীয় কাঠামোয় সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের অধিকারী। নতুন নেতৃত্বের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।







